শিরোনাম

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) : দুর্নীতি বিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ও আধাসরকারি দপ্তর-সংস্থায় সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধ এবং সমাজের সর্বস্তরে দুর্নীতি রোধের লক্ষ্যে আগামীকাল সোমবার গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম গণশুনানি অনুষ্ঠিত হবে।
দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয় এ গণশুনানির আয়োজন করছে।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসন এবং মহাপরিচালক মো. মোতাহার হোসেন।
গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানির শিকার কিংবা সেবা বঞ্চিত সাধারণ মানুষ, তাদের অভিযোগ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে।
দুদক জানায়, সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল উদ্দেশ্য।