শিরোনাম

চুয়াডাঙ্গা, ১০ মে ২০২৬ (বাসস): জেলায় আগামি ১৩ মে থেকে আম সংগ্রহ অভিযান শুরু হবে।
আজ রোববার বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহের ক্যালেন্ডার তৈরীর লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, জেলা কৃষি বিপণনের মাঠ ও বাজার পরিদর্শক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় দুইহাজার ২০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮৪২ মেট্রিকটন।
সভার সিদ্ধান্ত অনুসারে, আগামী ১৩ মে থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ জাতের আম, ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন ১ থেকে ফজলী জাতের আম, ২০ জুন হাঁড়িভাঙ্গা, ব্যানানা জাতের আম ২২ জুন, আশ্বিনা (বারি আম-৪) ৩০ জুন, ৫ জুলাই কার্টিমন ও গৌড়মতি (বারি আস-১২) জাতের আম সংগ্রহ শুরু হবে।
এ মতবিনিময় সভায় আম বাগান মালিক ও আম ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার জানান, জেলা ব্যাপী আম সংগ্রহের যে সূচি দেয়া হয়েছে তার বাইরে কেউ অপরিপক্ক আম পাড়তে পারবেন না। কেউ যদি এ সূচি অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, কোন অবস্থাতে বানিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ক আম পাড়া যাবে না। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুত করা হলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।