বাসস
  ১০ মে ২০২৬, ১৯:১৫

পটুয়াখালীতে যৌথ অভিযানে ২৩ লাখ টাকার মাছ জব্দ

পটুয়াখালী, ১০ মে, ২০২৬ (বাসস) : জেলায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ রোববার পটুয়াখালী কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে পটুয়াখালী সদর থানার টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৫শত কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ৮শত কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকার সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিতে গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

পরে জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। 

মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।