বাসস
  ১০ মে ২০২৬, ১৯:১৫

খাল খনন প্রকল্পে দুর্নীতির সুযোগ নেই: সরওয়ার নিজাম এমপি

ছবি: বাসস

চট্টগ্রাম, ১০ মে, ২০২৬ (বাসস): চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজাম বলেছেন, খাল খননের মাধ্যমে একদিকে যেমন কৃষি খাতের উন্নয়ন সাধন হবে, অপরদিকে গ্রামের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। তাই এই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতির সুযোগ নেই।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি ছিল গ্রামভিত্তিক উন্নয়ন। 

সে হিসেবে তাঁদের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানও গ্রামভিত্তিক উন্নয়ন কাজ শুরু করেছেন। আর এরই অংশ হিসেবে তিনি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। যার মধ্যে অন্যতম হলো ‘খাল খনন প্রকল্প’। 

রোববার চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় উপজেলার চাতরী কান্দুরীয়া খাল পুনঃখনন কাজ ও সাঙ্গু নদীর সংযোগ খাল আহমদিয়া খাল, তজমুল আলী ও প্রতাব বাবুর বাড়ী সংলগ্ন খাল পুনঃখনন কাজ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরওয়ার জামাল নিজাম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন হচ্ছে। বিশেষ করে গ্রামভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ নির্মাণ ও খাল খননের মত প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। আরও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হবে। 

বিগত সময়ে আওয়ামী লীগের আমলে দেশের যা ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে বলে জানান তিনি। 

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উমা খান কাফি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী। 

এ সময় অন্যান্যদের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।