বাসস
  ১০ মে ২০২৬, ১৮:২৯

চট্টগ্রামে নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

চট্টগ্রাম, ১০ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুর ৩টার দিকে পলি চৌধুরী (৪৬) নামের ওই শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনো আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। 

কোতোয়ালি থানা পুলিশের এসআই রাশেদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পান যে বাসার ভেতর থেকে দরজা খোলা হচ্ছে না। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়। 

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল থেকে পলি চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশের সহায়তায় দরজার তালা ভেঙে ঘরে ঢুকে তার লাশ দেখতে পান তারা।

স্থানীয়রা জানান, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা দেশের বাইরে থাকেন। 

এসআই রাশেদ জানান, লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।