শিরোনাম

বগুড়া, ১০ মে ২০২৬ (বাসস): জেলায় আজ হ্যাচারির অফুটন্ত বা হ্যাচিং ডিম দিয়ে কেক ও বিস্কুট প্রভৃতি বেকারি পণ্য তৈরি সহ বিভিন্ন অনিয়মের দায়ে ফুলকলি বেকারি নামের এক প্রতিষ্ঠানকে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় শহরের চারমাথা এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শহরের চারমাথা এলাকার ‘ফুলকলি বেকারি’তে অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
ফুলকলি বেকারিতে খাদ্য পন্য তৈরিতে দীর্ঘদিন ধরে হ্যাচিং ডিম ব্যবহার করা হতো। হ্যাচিং ডিম হলো হ্যাচারির ইনকিউবেটরে বাচ্চা ফুটানোর জন্য ব্যবহৃত ডিম। যেসব ডিম থেকে বাচ্চা ফুটে না সেই অফুটন্ত ডিম দিয়ে ওই বেকারিতে কেক-বিস্কুট তৈরি করা হচ্ছিল অভিযানকালে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ছাড়া কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, প্যাকেটে অগ্রিম তারিখ ব্যবহার এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এ ঘটনায় ফুলকলি বেকারির মালিক মো. নাজমুস সাকিবকে দুইলাখ টাকা জরিমানা করা হয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।