বাসস
  ১০ মে ২০২৬, ১৮:১০

যশোরের অভয়নগরে ট্রেন-ট্রাক সংঘর্ষে  ট্রাকের চালক নিহত

যশোর, ১০ মে, ২০২৬ (বাসস) : জেলার  অভয়নগরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক মনোয়ার হোসেন (৩৩) নিহত হয়েছেন। 

গুরুতর আহত হয়েছেন ট্রাকটির হলপার রায়হান হোসেন (২৯)। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ রবিবার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আহত হেলপার রায়হান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাকটি নিয়ে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে পৌঁছান। সেখানে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরমুখী একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক মনোয়ার ছিটকে রেললাইনের ওপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপার রায়হানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার ফলে ওই রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, আজ দুপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যশোরমুখী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর যশোর-খুলনা রুটে কিছুসময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়।