শিরোনাম

টাঙ্গাইল, ১০ মে, ২০২৬ (বাসস) : জেলার কালিহাতী উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে ১ ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল ৭টা পর্যন্ত উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা এবং দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় কালিহাতী থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বাসস’কে বলেন, দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী এলাকায় মাটি কাটার সময় উজ্জল (৪৫) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত দুটি খননযন্ত্র (ভেকু) বিনষ্ট করা হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করে রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।