বাসস
  ১০ মে ২০২৬, ১৭:১১

নেত্রকোণায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণা, ১০ মে, ২০২৬ (বাসস): জেলার কলমাকান্দা উপজেলায় আজ ডোবার পানিতে ডুবে তাইফা মনি (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ শুনই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তাইফা মনি ওই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশুটির বাবা-মা বাড়ির আঙিনায় ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির সামনে খেলা করছিল তাইফা।

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি সংলগ্ন একটি ডোবায় তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।