শিরোনাম

নেত্রকোণা, ১০ মে, ২০২৬ (বাসস) : জেলার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর একটি নালা থেকে জামরুল (২৫) নামে এক হাঁস খামারের শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে আতিকুর রহমান ভুঁইয়া একাডেমি সংলগ্ন একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জামরুল ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে। তিনি একই গ্রামের একটি খামারে হাঁস পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) থেকে জামরুল নিখোঁজ ছিলেন। আজ সকালে ওই গ্রামে নবনির্মিত একটি বাড়ি সংলগ্ন নালায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামরুলের মরদেহ উদ্ধার করে। পরে জামরুলের বাবা এসে ছেলের পরিচয় শনাক্ত করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জামরুল মৃগী রোগে ভুগছিলেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, পুলিশ জামরুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।