বাসস
  ১০ মে ২০২৬, ১৬:৩৪
আপডেট : ১০ মে ২০২৬, ১৭:১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া, ১০ মে ২০২৬ (বাসস) : জেলার আদমদীঘি উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহারে বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর কবির বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ- এর সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে সান্তাহরের বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় সার বোঝাই একটি ট্রাক রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ পিছিয়ে যায় এবং পিছনের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল চালক আলমগীর কবির ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি জব্দ এবং ট্রাকচালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ।