শিরোনাম

হবিগঞ্জ, ১০ মে, ২২৬ (বাসস) : জেলায় ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার রাত ৮টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি’র একটি আভিযানিক দল গত ৮ মে সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এসময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ট্রাকের ভিতরে লুকানো এ সব ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
একই এলাকায় অভিযান অব্যাহত রেখে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। কাভার্ড ভ্যানের বস্তার ভিতরে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। উভয় যানবাহনেই পণ্য পরিবহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সবগুলো জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
উদ্ধারকৃত জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চোরাকারবারিরা আমদানি কাগজপত্র জালিয়াতি করে অবৈধ পণ্য পরিবহনের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও দেশের অর্থনীতিকে সুসংহত করতে এবং চোরাচালান সম্পূর্ণরূপে দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।