শিরোনাম

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস): নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে এক নারী ও তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আহতদের মধ্যে মোহাম্মদ আবুল কালামের (৪৭) শরীরের ৯৫ শতাংশ; তার স্ত্রী সালমা বেগমের (৩৫) ৬০ শতাংশ; ছেলে মুন্নার (১২) ৩০ শতাংশ এবং মেয়ে মুন্নি (৭) ৩৫ শতাংশ ও কথার (৮) শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ (রোববার) ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন লেগে যায়।
প্রতিবেশীরা সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ভুক্তভোগীদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এনআইবিপিএস)-এ নিয়ে যান।
প্রতিবেশীরা জানান, পরিবারটি ফতুল্লার গিরিধারা এলাকায় একটি নয়তলা ভবনের নিচতলায় থাকত। গ্যাস লিক হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এনআইবিপিএস-এর আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভুক্তভোগীদের শরীরের ৩০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।