বাসস
  ০৯ মে ২০২৬, ২১:২৩

বাগেরহাট লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিদর্শনে আন্তর্জাতিক মানবিক সংস্থা

ছবি : বাসস

বাগেরহাট, ৯ মে, ২০২৬ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতভিত্তিক-‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ও কুয়েত রিলিফ’-এর একটি প্রতিনিধিদল আজ বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন।

শনিবার দুপুরে আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিনিধিদল ফাউন্ডেশনের অধীন পরিচালিত মসজিদ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধা নিবাস এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা চলমান মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ১শ’ অসহায় পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সহায়তা বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. প্রদীপ কুমার বকসী, ডা. মিরাজুল করিম এবং ডা. সোহাগ শেখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিসিএস অফিসার্স ফোরাম বাগেরহাট জেলা সভাপতি ও  লতিফ মাস্টার ফাউন্ডেশনের  প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি, বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, কর্মকর্তা বেগ শামিম, প্রকল্প পরিচালক মো. ওয়ালিউল্লাহসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু বলেন, ‘শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ও কুয়েত রিলিফ সোসাইটির প্রতিনিধিরা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ঈদ-উল-আযহা উপলক্ষে ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে, যাতে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটে। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।