শিরোনাম

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : খুলনা জেলার পাইকগাছা চৌকি আদালতে অনলাইন ডিসপিউট রেজ্যুলেশন (ওডিআর) সিস্টেম কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) রিফাত আরা সুলতানা স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, খুলনা জেলার পাইকগাছা উপজেলায় চৌকি আদালতে বিচারপ্রার্থী জনগণের বিচারপ্রাপ্তি সহজলভ্য করা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে অধিকতর গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ওডিআর সিস্টেম পরীক্ষামূলকভাবে (পাইলট ভিত্তিক) চালু করার প্রস্তাবটি শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হলো।
শর্তাবলী হলো- ১. চৌকি আদালতে ডিজিটাল বুথ স্থাপন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রযুক্তিগত সহায়তা, অবকাঠামো এবং জনবল 'ফ্রেন্ডশিপ' নিজস্ব অর্থায়নে সরবরাহ করবে। এক্ষেত্রে অধিদপ্তর কোনো আর্থিক দায়ভার বহন করবে না।
২. কার্যক্রমটি পরিচালনার ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০, আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা, ২০২৫ এবং সংশ্লিষ্ট বিদ্যমান সকল আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
৩. সংশ্লিষ্ট চৌকি আদালতের বিচারক এবং জেলা লিগ্যাল এইড অফিস, খুলনার সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
৪. ডিজিটাল বুথ বা সিস্টেমের মাধ্যমে সংগৃহীত বিচারপ্রার্থীদের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব ‘ফ্রেন্ডশিপ’-এর ওপর ন্যস্ত থাকবে।
৫. কার্যক্রমের অগ্রগতি, ফলাফল ও চ্যালেঞ্জসমূহ সম্পর্কে প্রতি তিন মাস পরপর বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।
৬. সরকার/কর্তৃপক্ষ জনস্বার্থে যেকোনো সময় এই অনুমতি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে।
জনস্বার্থে ডিজিটাল আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের জন্য খুলনা জেলার পাইকগাছা চৌকি আদালতকে প্রয়োজনীয় সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে।
এ স্মারক জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।