শিরোনাম

লালমনিরহাট, ৯ মে, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলা থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন।
গতকাল শুক্রবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বেলা সড়ে ১১টায় সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এসময় সন্দেহজনক চলাফেরা দেখে এক নারীকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ওই নারীকে আটক করা হয়।
আটক নারী মোছা. রুবিনা খাতুন (৪০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের আকুল উদ্দিনের স্ত্রী।
বিজিবি জানায়, আটক নারীর কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে মাদকদ্রব্যসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বাসস’কে বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।