বাসস
  ০৯ মে ২০২৬, ১৬:৫৭

ফুলবাড়ী বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে আজ বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়। ছবি: বাসস

দিনাজপুর, ৯ মে,২০২৬ (বাসস) : দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি’র অভিযানে আজ বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকাল ৪টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোর থেকে সকাল সাড়ে ১০টা পযন্ত জেলার ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনস্থ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী পৃথক ৪টি অভিযান চালানো হয়। অভিযানে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনস্থ কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প এবং অচিন্তপুর ও খানপুর বিওপি পৃথক ৪টি অভিযান পরিচালনায় ৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৯৬ কেজি লোহার স্ক্রু এবং ৮২৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, অভিযান চলাকালে চোরাচালান ও মাদক কারবারিরা মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্যগুলো উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার মাদক দ্রব্য ও অন্যান্য পণ্যের মূল্য ১ লক্ষ ৬৯ হাজার টাকা নির্ধারণ করেছে। 

চোরাচালানীর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আটকের জন্য বিজিবি সদস্যদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সূত্র জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি’র মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান এবং মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটকসহ অপরাধীদের আটক কার্যক্রম অব্যাহত রয়েছে।