শিরোনাম

দিনাজপুর, ৯ মে, ২০২৬ (বাসস) : জেলায় ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার বিকেলে সাড়ে ৩ টায় দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক মুহাম্মদ আলমগীর এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২ টায় জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাইউরি গ্রামে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেলার বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়ার গ্রামের আব্দুল বারেক এর ছেলে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের সূত্রটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বীরগঞ্জ উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে আল আমিনকে ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রসাদপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সূত্রটি আরো জানায়, গ্রেপ্তারকৃত আল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য উদ্ধারকৃত ট্যাবলেট গুলো নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। তাকে আজ বিকেলে সাড়ে ৩ টায় বীরগঞ্জ থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।