শিরোনাম

চট্টগ্রাম, ৯ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ১৫০ রাউন্ড তাজা গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত নগরীর খুলশী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনÑ মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।
পুলিশ জানায়, নগরে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার ওয়াসা মোড়ের একটি ফাস্টফুডের দোকানের ভেতরে অভিযান পরিচালনা করে অস্ত্র কারবারি মো. ফয়সাল আহমেদ রনিকে গ্রেফতার করা হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কাছ থেকে বিদেশি পিস্তলের ১৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মো. ফয়সাল আহমেদ রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল হক বাপ্পীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তলের আরও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই ব্যক্তির কাছ থেকে মোট ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে এ সব গুলি সংগ্রহ করে, নগরীর বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।