শিরোনাম

মেহেরপুর ৯ মে, ২০২৬ (বাসস) : জেলার গাংনী উপজেলায় লাটা হাম্বার (স্যালোইঞ্জিন চালিত যানবাহন) চাপায় আনিসা খাতুন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া-বামন্দী সড়কের করমদী সন্ধানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা গাংনী উপজেলার করমদি গ্রামের সাজেদুল হকের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন জানান, আনিসা রাস্তা পার হচ্ছিল। এ সময় তেঁতুলবাড়ীয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বালি বোঝাই একটি লাটা হাম্বার গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান তিনি।