শিরোনাম

মাগুরা, ৯ মে, ২০২৬ (বাসস): বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, সিভিল সার্জন ডা. মো.শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন, মানবতাবোধ ও বাঙালি সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভা শেষে রবীন্দ্রসংগীত ও কবির সাহিত্যকর্ম পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।