বাসস
  ০৮ মে ২০২৬, ১৯:৫৩

ফেনীতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’র আয়োজন

ছবি : বাসস

ফেনী, ৮ মে, ২০২৬ (বাসস) : ফেনীর তরুণ স্বেচ্ছাসেবক ও ক্লাইমেট এ্যাক্টিভিস্টরা জলবায়ু পরিবর্তনে নানান স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে আজ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-এর আয়োজন করে। শুক্রবার সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়।

স্ট্রাইক থেকে রিনিউয়েভল এনার্জি ও এলএনজি’র পরিবর্তে সোলার ব্যবহারসহ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ফেনীর বন্যার মতো ভবিষ্যতে আবারো যেন বন্যা না আসে সে বিষয়ে প্রস্তুতি নিতে সরকারের প্রতি দাবি জানান।

আয়োজকদের প্রধান অগ্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা ক্লাইমেট একটিভিস্ট আব্দুল্লাহ আল আবিদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন ভবিষ্যতের কোন গল্প বা তত্ত্ব নয়। জলবায়ু পরিবর্তন এখনকার বাস্তবতা। ২০২৪ সালের ফেনীর বন্যা তার বড় প্রমাণ। সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। এখন থেকে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার অনেক বেশি কমিয়ে রিনিউয়েভল এনার্জির দিকে বাংলাদেশকে ঝুঁকতে হবে।’

জেহাদ হোসেন বলেন, ‘আগে আমাদের ঢাকা-চট্রগ্রাম গিয়ে ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহণ করতে হতো। কিন্তু এখন ফেনীর তরুণরা ফেনী থেকেই নিজেদের অধিকারের আওয়াজ তুলছে।’

এসময় অগ্র বাংলাদেশ সংগঠনের আয়োজনে এই স্ট্রাইকে হেল্প ফর টু ডে, লাল সবুজ সোসাইটি, বিডি ক্লিনসহ নানা তরুণ সংগঠনের স্বেচ্ছাসেবক ও অ্যাক্টিভিস্টরা অংশ নেয়।