বাসস
  ০৮ মে ২০২৬, ১৮:১১

চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপিত

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৮ মে, ২০২৬ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা।

আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন, মানবতাবাদ, শিক্ষা-ভাবনা এবং বাঙালি সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথ কেবল বাংলা সাহিত্যের নয়, বিশ্বমানবতারও এক অনন্য প্রতীক। তাঁর সৃষ্টিকর্ম আজও মানুষকে মানবতা, অসাম্প্রদায়িকতা ও সৌন্দর্যবোধের শিক্ষা দিয়ে যাচ্ছে।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে কবিগুরুর সৃষ্টিশীলতা ও চেতনার নানা দিক তুলে ধরা হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার,  জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।