শিরোনাম

চট্টগ্রাম, ৮ মে, ২০২৬ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
আগামী ৩০ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তাঁর প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। পাশাপাশি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বৃহস্পতিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
নাজিমুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক ছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিতে জনগণকে আহ্বান জানান। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, মো. শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।