শিরোনাম

পটুয়াখালী, ৮ মে, ২০২৬ (বাসস) : জেলার বাউফল উপজেলায় বিএনপি’র পার্টি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ খান বাবুলকে আজ গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাউফল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুল লতিফ খান বাবুল এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে মামলাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বাসস’কে জানান, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি লতিফকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।