শিরোনাম

নড়াইল, ৮ মে, ২০২৬, (বাসস) : জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়ার দোকান ও তিনটি ফার্র্নিচারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, লাহুড়িয়া বাজারে বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্র্নিচারসহ আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।
এ সময় বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হলে স্থানীয় ব্যবসায়ী ও আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় লোকজন ও ফায়ার ব্রিগেডের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে আশপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।