শিরোনাম

নারায়ণগঞ্জ, ৮ মে, ২০২৬, (বাসস): ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় বাল্কহেডের ধাক্কায় মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহসিন সরদার খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বন্দরের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চারজন কনস্টেবল একটি ট্রলারে করে নদীতে নিয়মিত টহলে বের হন।
শাহ সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেডের সঙ্গে তাদের টহল নৌযানটির সংঘর্ষ হয়। এতে নৌযানটি মুহূর্তেই উল্টে যায়।
দুর্ঘটনার পর এসআই মকবুলসহ অন্য তিন সদস্য সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠতে সক্ষম হলেও কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত থাকায় উঠতে পারেননি।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, ডাকাতি প্রতিরোধে রাতে টহলে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে। বাল্কহেডের ধাক্কায় আমাদের টহল নৌযানটি ডুবে যায়।
সহকর্মীরা মহসিনকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মর্মান্তিক এ ঘটনায় সহকর্মীরা শোকাহত।
পুলিশ জানায়, মহসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।