শিরোনাম

চট্টগ্রাম, ৭ মে, ২০২৬ (বাসস): চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এবং জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ব্যবস্থাপনায় ও যুব ইউনিটের পরিচালনায় দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. মোতাহার হোসেন।
একই সময়ে রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আসিফ চৌধুরী।
পতাকা উত্তোলন শেষে বর্ণিল ব্যানার, প্ল্যাকার্ড ও রেড ক্রিসেন্টের নিজস্ব সংগীত সহযোগে আন্দরকিল্লা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী।
ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ইউনিট চেয়ারম্যান মো. মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউনিটের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোতাহার হোসেন বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করাই এই দিবসের মূল চেতনা। চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন হাসপাতাল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আগামীতেও যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থাকতে আমাদের স্বেচ্ছাসেবকদের সদা প্রস্তুত থাকতে হবে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সদস্য এবং স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।