বাসস
  ০৭ মে ২০২৬, ১৯:২১
আপডেট : ০৭ মে ২০২৬, ১৯:৪৮

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম, ৭ মে, ২০২৬ (বাসস) : জেলার উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান লাভলু বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন নাজমুল ইসলাম। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বাসস’কে জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।