শিরোনাম

কক্সবাজার, ৭ মে, ২০২৬ (বাসস) : জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা’ বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের হিল ডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
সভায় এ কে এম আব্দুল হাকিম বলেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সাংবাদিকদের ন্যায্য অধিকারও প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, দেশে অল্প দিনের মধ্যে নানা পরিবর্তন ঘটেছে। প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি শক্তিশালী প্রতিষ্ঠান হলেও তার একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়।
এছাড়াও তিনি কর্মশালায় আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।
কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।