বাসস
  ০৭ মে ২০২৬, ১৮:২৬

কক্সবাজারে প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের কর্মশালা

ছবি : বাসস

কক্সবাজার, ৭ মে, ২০২৬, (বাসস) : জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের হিল ডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা’ বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে একেএম আব্দুল হাকিম বলেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশে সাম্প্রতিক সময়ে নানা পরিবর্তন ঘটেছে। তিনি জানান, প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব জমা দেয়া হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি শক্তিশালী প্রতিষ্ঠান হলেও চেয়ারম্যান একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়।

এছাড়াও তিনি কর্মশালায় গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি।

কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নেন।