বাসস
  ০৭ মে ২০২৬, ১৮:০১

লালমনিরহাটে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ 

লালমনিরহাট, ৭ মে, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন। জব্দকৃত কাপড়ের পরিমাণ ১ হাজার ৫০০ মিটার। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

গতকাল বুধবার (৭ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার ঘাঘলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় প্যান্ট পিসের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করানো হবে এমন তথ্য পেয়ে ঘাঘলা বাজার এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল।

এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে আসতে দেখে থামার সংকেত দেওয়া হলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভ্যান ও মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম পিএসসি বাসস’কে বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।