শিরোনাম

নেত্রকোণা, ৭ মে, ২০২৬ (বাসস) : জেলায় মডেল থানা পুলিশ ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিশেষ তৎপরতায় গাজীপুর থেকে অপহরণকৃত ষষ্ঠ শ্রেণির দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার আজ বৃহস্পতিবার বাসস’কে জানান, পুলিশ শিশু ২ টিকে উদ্ধার করার পর উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী আশরাফুল আলম খান এবং এসআই মুজিবুর রহমানের উপস্থিতিতে গতকাল রাত ৩টার দিকে তাদের পরিবারের কাছে নিরাপদভাবে হস্তান্তর করা হয়েছে।’
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত শিশু মাইশা মেহজাবিন সাফা (১২) ও লামিয়া আক্তার এনা (১২) গাজীপুর সদরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।
গতকাল বুধবার বিকেলে স্কুলে এসএসসি পরীক্ষা থাকায় দুপুর ২টায় তারা বিদ্যালয়ে যায় এবং বিকেল ৪টায় ছুটির পর বাসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তারা রহস্যজনকভাবে অপহরণের শিকার হয়।
শিশুদের ভাষ্য অনুযায়ী, এরপরের ঘটনা তাদের ঠিকঠাক মনে নেই। রাত ১১টার দিকে তারা নিজেদের নেত্রকোণাগামী একটি বাসে আবিস্কার করে এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদের মুখে আতঙ্কিত হয়ে পড়ে। এক পর্যায়ে সাফার ডায়েরিতে থাকা নম্বরে ভিডিও কলের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী আশরাফুল আলম খান বাসস’কে জানান, গতকাল রাত ১১টায় মডেল থানা থেকে সংবাদ পাওয়ামাত্রই তিনি দ্রুত মোটরসাইকেল যোগে থানায় উপস্থিত হন। সেখানে অত্যন্ত আতঙ্কগ্রস্ত শিশুদের স্বাভাবিক করতে তিনি দীর্ঘ সময় ধরে নিবিড়ভাবে মনস্তাত্ত্বিক কাউন্সেলিং প্রদান করেন।
অবশেষে গতরাত ৩টার দিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও মুচলেকা গ্রহণের মাধ্যমে পুলিশ ও সমাজসেবা কর্তৃপক্ষের উপস্থিতিতে শিশুদের গাজীপুরে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
শিশুদের ফিরে পেয়ে তাদের পরিবার ও স্বজনরা পুলিশ এবং সমাজসেবা বিভাগের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।