বাসস
  ০৭ মে ২০২৬, ১৭:২৬

ভোলায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ করেছে কোস্টগার্ড

ছবি : বাসস

ভোলা, ৭ মে, ২০২৬ (বাসস) : জেলার দৌলতখানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

আজ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, ভোলার দৌলতখান থানাধীন চর মদনপুর সংলগ্ন এলাকায় আজ ভোর ৪ টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. লোকমান মেম্বারের বাড়ি তল্লাশি করে ১ টি দেশীয় একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা বাসস’কে জানান, মো. লোকমান মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।