বাসস
  ০৭ মে ২০২৬, ১৬:৫৮

পটুয়াখালীতে শহীদ জিয়ার স্বনির্ভর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ছবি : বাসস

পটুয়াখালী, ৭ মে, ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলায় দীর্ঘ ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন পুনঃখনন না হওয়া, জলবায়ুর বিরূপ প্রভাব এবং দখল-দূষণের কারণে খালটি ভরাট হয়ে যায়।

এর ফলে খরা মৌসুমে বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রায় ৪ হাজার একর ফসলি জমি অনাবাদি হয়ে পড়ে।
উপজেলা প্রশাসন জানায়, খালটির পুনঃখনন সম্পন্ন হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং তিন ফসলি জমিতে চাষাবাদ সম্ভব হবে। এতে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।

প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে খালটির প্রায় দেড় কিলোমিটার অংশ খনন করা হবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।