বাসস
  ০৬ মে ২০২৬, ২১:২৫

কালীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা

লালমনিরহাট, ৬ মে, ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

আজ বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি ভাটার কিলন ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড  এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়।

অভিযানে জেলা পুলিশ, র‌্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লালমনিরহাট সহযোগিতা প্রদান করে। 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।