বাসস
  ০৬ মে ২০২৬, ২০:৩৯

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি 

সাতক্ষীরা, ৬ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও চিংড়ি মাছের রেণু জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৯৯ হাজার টাকা।

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার মাদরা, কাঁকডাঙ্গা ও ভোমরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার শ্মশান ঘাট নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া রোড ভাঙ্গা ব্রিজ নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৯৯ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।