বাসস
  ০৬ মে ২০২৬, ২০:৩৬

সাতক্ষীরায় কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা, ৬ মে, ২০২৬, (বাসস) : জেলার আশাশুনি উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব, ট্যাগ অফিসার ও কমিটির এক সদস্যকে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়।

জানা যায়, দরগাপুর-২৫৯ (দরগাপুর এস.কে.আর.এস মাধ্যমিক বিদ্যালয়) কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন অনেকে অবাধে প্রবেশ করা, পছন্দমতো শিক্ষককে কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব দিয়ে সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের ছেলেকে অনৈতিক সুযোগ প্রদান করা, ট্যাগ অফিসার পরীক্ষা কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উত্তরপত্র কেড়ে নিয়ে ৩০/৪০ মিনিট আটকে রাখা এবং ভীতিকর পরিস্থিতি তৈরি করা, কমিটির সদস্য সহকারী শিক্ষক রাখিদুল ইসলাম প্রশ্নপত্র বাইরে নিয়ে সলিউশনের চেষ্টা করে ভিজিলেন্স টিমের হাতে ধরা পড়ে দ্রুত সটকে পড়ার অভিযোগ রয়েছে।

এই অনাকাঙ্খিত পরিস্থিতির দায়ে কেন্দ্র সচিব গৌরপদ মন্ডল, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী ও পরীক্ষা কমিটির সদস্য রাখিদুল ইসলামকে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে সেই কেন্দ্রে প্রতিষ্ঠানের অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য বোর্ডের নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বোর্ডের নির্দেশনা মোতাবেক আজ বুধবার কেন্দ্র সচিব ও অধ্যক্ষ গৌরপদ মন্ডল, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী ও কমিটির সদস্য শেখ রাখিদুল ইসলামকে পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন। 

একই সঙ্গে সহকারী অধ্যাপক জি এম আনোয়ারুল ইসলামকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।