বাসস
  ০৬ মে ২০২৬, ২০:১৯

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী, ৬ মে, ২০২৬, (বাসস) : জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. স্বপন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
 
আজ বুধবার দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোজো মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। স্বপন ওই বাড়ির মো. সোহেলের ছেলে।

শিশুটির চাচা মো. ইকবাল হোসেন জানান, দুপুরে খেলাধুলার ফাঁকে পুকুরে পড়ে যায় স্বপন। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুরে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর স্বপনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা অয়ন দাস বলেন, হাসপাতালে আনার পর ওই শিশুকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আগেই তার মৃত্যু হয়েছিল। শিশুটির মৃতদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।