বাসস
  ০৬ মে ২০২৬, ২০:১২

নারায়ণগঞ্জে কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন 

ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ৬ মে ২০২৬ (বাসস): জেলার বন্দর উপজেলায় আজ প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কুড়িপাড়া খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। 

আজ বুধবার বেলা ১২টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম- আহ্বায়ক আবুল কাউসার আশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংসদ সদস্য আবুল কালাম বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইতোমধ্যে ইশতেহার অনুযায়ী খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই এগোচ্ছে বিএনপি সরকার।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে বন্দর উপজেলায় কুড়িপাড়া খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খাল সংলগ্ন আবাদি জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা ও সেচ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।