শিরোনাম

সুনামগঞ্জ, ৬ মে, ২০২৬ (বাসস) : আগামী ২৫ বৈশাখ ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিকেল ৪ টায় এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার দ্বিপান্বীতা দেবী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস কে এম জিয়াউল বারী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ চৌধুরী পাভেল, শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, জেলা তথ্য কর্মকর্তা শুভ রায়, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের এসিসট্যান্ট প্রফেসর শুভংকর দেবনাথ প্রমুখ।
সভায় কবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা, শিশুতোষ নাটকসহ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।