বাসস
  ০৬ মে ২০২৬, ১৭:৫৩

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম, ৬ মে, ২০২৬, (বাসস) : জেলার নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল হক (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
আজ বুধবার দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওবাইদুল হক ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ জমিতে ধান কাটছিলেন ওবাইদুল। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। এ সময় পথেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।