বাসস
  ০৬ মে ২০২৬, ১৬:৫৩

চাঁদপুরে অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর, ৬ মে ২০২৬ (বাসস): জেলার কচুয়া উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার দুপুরে কচুয়া উপজেলার সাচার বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেয়ায় সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার মালিককে ১০ হাজার টাকা,  একই অপরাধে ডায়মন্ড হসপিটাল এন্ড ল্যাব মালিককে ১০ হাজার টাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে গোপাল মেডিকেল হলের মালিককে ১০ হাজার টাকা, একই অপরাধে মল্লিক ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্টের মালিককে তিনহাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।