শিরোনাম

নেত্রকোণা, ৬ মে, ২০২৬, (বাসস): জেলার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনীসহ (কসমেটিকস) দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে কলমাকান্দা থানার পুলিশ উপজেলার নাজিরপুর-রাঙ্গামাটিয়া এলাকা থেকে এসব মালামালসহ তাদের আটক করে।
আটকরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের মো. নাসিম (২৫) ও একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মুনির মিয়া (২১)।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। আটক মালামালের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশের একটি দল উপজেলার নাজিরপুর-রাঙ্গামাটিয়া এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান রাঙ্গামাটিয়া সেতুর কাছে পৌঁছালে পুলিশ সেটি থামায়। পরে তল্লাশি চালিয়ে পিকআপে থাকা ১৮টি বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় ডাভ শ্যাম্পু ও অলিভ ওয়েলসহ বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, ভারত থেকে চোরাই পথে আসা এসব মালামাল পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ হাতে-নাতে পণ্যসহ চালক ও সহকারীকে আটক করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।