শিরোনাম

নোয়াখালী, ৬ মে ২০২৬ (বাসস): জেলার সুবর্ণচর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো. ফয়সাল (১৭) সুবর্ণচর উপজেলার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষী গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। ফয়সাল চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বসতবাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন ফয়সাল। ছেলেকে ছটফট করতে দেখে ফয়সালের মা ছুটে যান এবং তাকে স্পর্শ করা মাত্রই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজিব আহমেদ চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই ফয়সালের মৃত্যু হয়েছে। শরীরে বিদ্যুৎপৃষ্টের আঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।