শিরোনাম

নেত্রকোণা, ৬ মে, ২০২৬ (বাসস) : জেলার দুর্গাপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের বাসিন্দা লিপসন নকরেকের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খাবারের সন্ধানে রাতে ভারতীয় পাহাড় থেকে একটি বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় প্রান্ত রাংসা বাড়ির দিকে ফেরার পথে হাতির দলের সামনে পড়ে যান। তিনি পালানোর চেষ্টা করলে একটি হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামানিক বাসস’কে জানান, প্রতি বছর এই সময়ে খাবারের সন্ধানে ভারতের গহীন জঙ্গল থেকে বুনো হাতির পাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
তিনি জানান, নিহত পরিবারকে বন বিভাগের বিধি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন করে দুর্ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বাসস’কে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।