বাসস
  ০৬ মে ২০২৬, ১৪:৩৭

হাম-রুবেলা কর্মসূচি উপলক্ষে জেলা পর্যায়ে সমন্বয় সভা

আজ খুলনা সিভিল সার্জন দপ্তরের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

খুলনা, ৬ মে, ২০২৬ (বাসস) : খুলনায় হাম-রুবেলা কর্মসূচি ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান রয়েছে। এই সময়ের মধ্যে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ খুলনা সিভিল সার্জন দপ্তরের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন বাসস’কে বলেন, হামের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি অর্জনে গৃহভিত্তিক যাচাই জোরদার এবং শিশুদের টিকা গ্রহণে অভিভাবকদের সচেতন করতে হবে। তিনি আরও বলেন, হামের টিকার পক্ষে প্রচার-প্রচারণায় সব পক্ষকে সোচ্চার হতে হবে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সকলের প্রতি আহবান জানান তিনি।

স্বাগত বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। 

হাম-রুবেলা টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব। 

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য, খুলনা জেলার ৯টি উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৪২০শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত টিকা প্রদানের লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত হয়েছে। 

ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কমসূচি চলবে।