শিরোনাম

রাজশাহী, ৬ মে, ২০২৬ (বাসস) : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এড. মোহাম্মদ শফিকুল হক মিলন আজ বলেছেন, সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা দেয়া হচ্ছে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল সংসদ সদস্য জবাবদিহিতার মধ্যে রয়েছেন। জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করেই তারা কাজ করছেন।
বুধবার বেলা ১১টায় পবা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জনসাধারণের মাঝে মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পবা উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড তুলে দেয়া হবে। এতে সাধারণ মানুষ ও কৃষকরা আরও বেশি উপকৃত হবেন। তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সহধর্মিনী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের ১৯- দফা ঘোষিত কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন।
শুধু তাই নয়, তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্রের মানসকন্যা হিসেবে সুখ্যাতি পেয়েছেন। তাদের ওই ধারাবাহিকতায় বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের ভাতা প্রদান করেছেন। এই ধারাবাহিকতা তিনি অব্যাহত রেখেছেন বলে উল্লেখ করেন প্রধান অতিথি। বাংলাদেশকে স্বনির্ভর করে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
পবা উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ১১০টি অস্বচ্ছল পরিবারের মাঝে মোট ৫ লাখ টাকার মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন।
তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসব সহায়তা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম।
এ সময় পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, এই আর্থিক সহায়তা তাঁদের প্রয়োজনের সময়ে কিছুটা হলেও স্বস্তি দেবে। তারা সরকারের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সেই সাথে প্রধানমন্ত্রী ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এড. শফিকুল হক মিলনের দীর্ঘায়ু কামনা করেন।