শিরোনাম

রংপুর, ৫ মে, ২০২৬ (বাসস) : রংপুরে অভিযানে বাজেয়াপ্ত করা প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের তামাক ও তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর দেওডোবা এলাকায় এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের যুগ্ম কমিশনার পায়েল পাশা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্গা অবন্তীসহ রংপুর মেট্রোপলিটন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা তামাক ও তামাকজাত পণ্যগুলো গুদামে সংরক্ষিত ছিল। আইন অনুযায়ী সেগুলো ধ্বংস করা হয়েছে।
যুগ্ম কমিশনার পায়েল পাশা বলেন, চোরাচালান প্রতিরোধ, নকল ব্যান্ডরোল ব্যবহার বন্ধ এবং রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ও ধ্বংস কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।