বাসস
  ০৫ মে ২০২৬, ২০:৪০

চাঁদপুরে অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর, ৫ মে ২০২৬ (বাসস): জেলা সদরে আজ অধিক মূল্যে ভোজ্য তেল এবং হলুদ-মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের পুরান বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে মূল্যের চেয়ে অধিক দামে সয়াবিন তেল বিক্রির দায়ে কার্তিক চন্দ্র সাহার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং সয়াবিন তেল বেশি মূল্যে বিক্রি ও হলুদ-মরিচের গুঁড়ার সাথে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করার দায়ে মেসার্স আনন্দময়ী ভান্ডারকে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।